বিএনএ,বিশ্বডেস্ক :ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিটির দক্ষিণে মাইন পেতে রাখা পথ পাড়ি দেওয়ার সময় এক তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।এ সময় তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এই ঘটনার পর ওই অঞ্চলে থাকা আরও দুটি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলে মার্কিন সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এটি পুরোপুরি বন্ধ রাখা হবে।
তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় পড়ে ইরানের অনুমতি ছাড়া প্রণালিটি অতিক্রমের চেষ্টা করলে অন্য জাহাজগুলোর পরিণতিও একই হবে।
অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তাদের ২৫তম পর্বের ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে ইরাক ও জর্ডানে অবস্থিত মার্কিন সেনা অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই জোরালো আঘাত হানা হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরপরই অন্তত ছয়টি বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।
পাশাপাশি জর্ডানের বাদশাহ ফয়সাল ও প্রিন্স হাসান ঘাঁটিতে পরিচালিত সুনির্দিষ্ট হামলায় মার্কিন যুদ্ধবিমান এফ-ফিফটিন প্রস্তুতকরণ কেন্দ্র এবং কনটেইনারে থাকা আটটি নতুন এমকিউ-নাইন ড্রোন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।
বিএনএ/ ওজি
![]()

