বিএনএ, ঢাকা:পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন (৪০)নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আধিপত্যকে কেন্দ্র করে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপির সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছিল। রোববার (২২ মার্চ) দিনগত রাতে দুই পক্ষের মারামারি হয়। এ নিয়ে দুই গ্রুপের উত্তেজনার মধ্যে সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিলেন। এসময় রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপরে হামলা চালান। এসময় গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলার বিষয়ে তদন্ত চলছে।
বিএনএ/ওজি
![]()

