বিএনএ, ডেস্ক : ট্রেনে রসিদ ছাড়াই ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দীনের জানায়, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি দেখতে পান, টিকিট পরীক্ষক (টিটি) কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই ভাড়া আদায় করছেন। তিনি এর প্রতিবাদ করলে কয়েকজন তাকে আসন থেকে তুলে ট্রেনের দরজার কাছে নিয়ে মারধর করেন। একপর্যায়ে চলন্ত ট্রেনের জানালার পাশে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়। এ সময় তার চশমা ভেঙে যায়।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা চারুকলা সংলগ্ন রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল চলাচল ব্যাহত হয়। ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সংশ্লিষ্ট নেতারাও।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “আমার শিক্ষার্থী কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তাকে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।”
উল্লেখ্য, তবে এ ঘটনায় রাজশাহী রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিএনএ/ ওজি
![]()

