বিনোদন ডেস্ক: বহুদিনের অভিনয় ক্যারিয়ার ওপার বাংলার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। কোনও কথা নিয়ে রাখঢাক নয় বরং খোলাখুলি জানাতেই পছন্দ করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেন হরহামেশাই। একান্ত ব্যক্তিগতসহ রাজনৈতিক মতাদর্শ বা সহকর্মীর পোস্ট নিয়েও লুকোচুরি নেই তার।
এরই ধারাবাহিকতায় এবার ডেটিংয়ের জন্য কেমন ছেলে পছন্দ আর কোন ধরনের ছেলে একদমই অপছন্দ তার সবটাই সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী। সঙ্গে ডেটিং সেশনের এক ঝলক পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
এক পোস্টে শ্রীলেখা নিজেই জানিয়েছেন ডেটিংয়ের জন্য তার ভারতীয় ছেলে একদম পছন্দ নয়। তার মতে, ভারতীয় ছেলেদের একদম ডেট করা যায় না। বরং কাজের সঙ্গেই ডেট করতে ভালবাসেন তিনি। এরই মধ্যে শ্রীলেখার পোস্ট ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
নিজের ছবির ‘বেটার হাফ’ এর মিউজিক রেকর্ডিংয়ের কাজে স্টুডিওতে গিয়েছিলেন শ্রীলেখা। সেখান থেকেই একটি ছোট লাইভ করেন তিনি। কাজের কথা প্রসঙ্গেই মজা করে ওই মন্তব্য করেন অভিনেত্রী।
উল্লেখ্য, শ্রীলেখা মিত্র একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। অভিনয় প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বিএফজেএ সম্মান। বাংলা ধারাবাহিক তৃষ্ণা দিয়ে শ্রীলেখা মিত্রর উত্থান। এরপর বাসু চ্যাটার্জীর হঠাৎ বৃষ্টি (১৯৯৮) ছবিতে অভিনয় করার পরে তিনি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেমপ্রস্তাবে সাড়া না দেওয়ায় একের পর এক বাংলা ছবিতে প্রধান চরিত্র থেকে বাদ পড়তে থাকেন তিনি। একসময় বড়পর্দায় উল্লেখযোগ্য কাজ না পাওয়ায় ছোটপর্দায় অভিনয় চালিয়ে যান এই অভিনেত্রী। সৌন্দর্য ও অভিনয় প্রতিভার মিশেল তার পেশাগত সাফল্যকে অটুট রাখতে সাহায্য করে।
বিএনএনিউজ২৪/এমএইচ
![]()

