29 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - জুন ১২, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতারা ২২ কোটি টাকার গাড়িতে চড়বেন!

বিএনপি নেতারা ২২ কোটি টাকার গাড়িতে চড়বেন!


বিএনএ, ঢাকা : নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলটির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে, দুইটি বুলেটপ্রুফ জীপ এবং দুইটি বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে এই প্রথম কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হলো।

সূত্র জানিয়েছে জাপান, কানাডা ও জার্মানি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্যই এ ধরনের অনুমতি দেওয়া হয়েছে। শেখ হাসিনার জন্য নব্বইয়ের দশকে এবং ২০০৯ সালে সরকার গঠনের পর বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছিল জাপান থেকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার আবেদন করেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয়।

পুলিশের বিশেষ শাখা তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে।
এ ছাড়া বিএনপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সেরও আবেদন করেছে। দলটি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে, যা এখনো বিবেচনাধীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে প্রথম একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে অনুমোদন দেওয়া হয় আরও একটি বুলেটপ্রুফ বাস কেনার। বিএনপি সূত্রে জানা যায়, গাড়িগুলো জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে।

বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক বলেন, বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারেন না, এটি সরকারিভাবে অনুমোদিত হতে হয়। একটি গাড়ির দাম প্রায় ২ লাখ ডলার, আর ৮০০ শতাংশ শুল্ক দিয়ে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।

বিএনপি সুত্র জানায়, ২০১৫ সালে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বিএনপি নেতাদের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পটভূমিতে বিএনপি নেতৃত্বের ওপর হামলার আশঙ্কা থেকেই এই নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন ক্ষমতায় না থাকলেও ড. মুহাম্মদ ইউনূস সরকারের আমলের শেষপর্যায়ে তারা বেশ ক্ষমতা চর্চা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার সেইফ এক্সিটের শর্তে বিএনপির নানা আবদার-আবেদন মেনে নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীও পিছিয়ে থাকতে চায় না। তারাও তাদের নেতাদের জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য আবেদন করবেন এবং অনুমোদন পেয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

বিএনএনিউজ/শামীমা চৌধুরী শাম্মী/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ