30.8 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পিকআপ চালকের মায়ায় বাঁচলো আহত মুখপোড়া হনুমান

পিকআপ চালকের মায়ায় বাঁচলো আহত মুখপোড়া হনুমান

পিকআপ চালকের মায়ায় বাঁচলো আহত মুখপোড়া হনুমান

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে এসে বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে মাটিতে পড়েছিল একটি মুখপোড়া হনুমান। এ সময় সড়কের পাশে হনুমানটিকে দেখেন পিকআপ চালক মো. মুন্না। মায়া হয় তাঁর। চিকিৎসার জন্য নিয়ে যান উপজেলা পশু হাসপাতালে। সেখানে হনুমানটি ভর্তি রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী ফুলতল মোড়ে এ ঘটনা ঘটে।

পিকআপ চালক মো. মুন্না বলেন, সকাল থেকে হনুমানটি বিভিন্ন ভবনের ছাদে লাফালাফি ও গাছে উঠানামা করছিল। দুপুরের দিকে হনুমানটি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে যায়। প্রায় অচেতন অবস্থায় উপজেলা পশু হাসপাতালে নিয়ে এসেছি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম সাইদুল আলম সাঈদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটির আংশিক লোম পুড়েছে। তবে বড় ধরনের জখম বা দগ্ধ হয়নি। প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে। এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ। এ বিষয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। হনুমানটি পুরোপুরি সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, কালচে চামড়ার ওপর ধূসর বাদামি লোমের আবরণ, মুখ ও কানে লোমহীন কুচকুচে কালো ত্বক, হাত-পা কালো ও শক্তিশালী। মুখপোড়া হনুমান লম্বা লেজের ওপর ভর করে গাছের শাখায় শাখায় লাফিয়ে বেড়ায়। এদের চলাফেরায় রয়েছে একধরনের সাবলীলতা। কয়েক দশক ধরে ক্রমেই বনভূমি সংকুচিত হচ্ছে এবং মুখপোড়া হনুমানের প্রাকৃতিক খাদ্যের উৎস কমে আসছে। এই সংকটময় পরিস্থিতিতে তাদের বনের বাইরের খাদ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। খাদ্যের অভাবে প্রায়ই এদের নিরাপদ আশ্রয় ত্যাগ করে আশপাশের লোকালয়ে নেমে আসছে। এতে ব্যস্ততম সড়কের এক পাশ থেকে আরেক পাশে পার হতে গিয়ে এবং বৈদ্যুতিক তার ও খুঁটিতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে হনুমান।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি