বিএনএ, বিশ্বডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিএমএল-এন সভাপতি নওয়াজ শরিফ খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা, গভর্নরের শাসন জারির পক্ষে সাফাই দিয়েছেন।
ডনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) শাহবাজ বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে নওয়াজ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয়’ থাকার অভিযোগে ১১ অক্টোবর খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বিরোধীদের বিক্ষোভের মধ্যেই গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে এই পদক্ষেপ অনুমোদন পায়।
শাহবাজ বলেন, জরুরি অবস্থা জারি এড়াতে কেন্দ্রীয় সরকার ‘শেষ চেষ্টা’ করেছিল। বিরোধীদের সঙ্গে সরকার ও পাকিস্তান পিপলস পার্টির যৌথ প্রতিনিধিদলের কয়েক দফা আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির দায়িত্ব কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন পিএমএল-এনের সভাপতি নওয়াজ। লন্ডনের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, শান্তি ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা ও জনগণের স্বার্থ রক্ষার জন্য এই হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
বিএনএ/শাম্মী
![]()

