বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় আর্থিক সহায়তার কথা বলে কমলা বেগম (৩০) নামের বাক প্রতিবন্ধী এক নারীকে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তদের ৩০ হাজার টাকা জরিমানা করে সালিশ করার অভিযোগও উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, (১৪ আগস্ট) শুক্রবার বিকেলে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় টমটমচালক সাকিব, আরমান ও বাদশা ওই নারীকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনাটি জানাজানি হলে সোমবার (১৭ আগস্ট) রাতে স্থানীয় মাতব্বররা এলাকায় সালিশ বসান। সেখানে অভিযুক্তদের মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গুরুতর এই অপরাধটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে সালিশের মাধ্যমে মীমাংসা করায় বিষয়টি পুলিশের নজরে এলে মঙ্গলবার ভোরে ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানা পুলিশ।
ভুক্তভোগী পরিবারের দাবি, আইনি প্রক্রিয়ায় এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের বলেন, প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণের মামলা প্রক্রিয়াধীন। সালিশ বসিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

