বিএনএ,ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ঘোষণার অপেক্ষায় আছে ৬৩ আসন। এই স্থগিত আসনের বেশ কিছু আসন বিএনপি ছেড়ে দিবে জোট সঙ্গী ছোট দলের বড় নেতাদের জন্য । এর মধ্যে পটুয়াখালী-৩ আসন অন্যতম। এই আসনে কি বিএনপি দলীয় প্রার্থী দিবে নাকি জোট প্রার্থীকে ছেড়ে দিবে তা ঘিরেই চলছে নানা জল্পনা কল্পনা।
পটুয়াখালী-৩ সংসদীয় আসনটি দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১১৩ তম আসন। এই আসনেই গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বাড়ি। তাই জোট থেকে হোক কিংবা দল থেকে হোক এই আসন থেকেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন নুর। অন্যদিকে আসনটি ফাঁকা রেখেছে বিএনপি। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে শেষ মুহূর্তে বিএনপি-গণঅধিকার পরিষদ জোট হলে নুর হতে পারেন জোটের প্রার্থী।
যদিও গত ৫ আগস্টের পর থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এমন কী একবার গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখে হাসান মামুনের সমর্থিত বিএনপি নেতকর্মীরা। শেষে সেনাবাহিনীর সহায়তায় নূর এলাকা ত্যাগ করে।
বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন এমন ঘোষণা দিয়েছেন মামুন। গত ১১ নভেম্বর গোলখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি।
জামায়াতে ইসলামীর গত ৮ মাস আগেই প্রার্থী ঘোষণা করেছে অধ্যাপক শাহ-আলমকে। তিনি তৃণমূল পর্যায়ে চষে বেড়াচ্ছেন। নির্বাচনী প্রস্তুতি হিসাবে ইতোমধ্যে দেড় হাজার কর্মীকে নির্বাচনী এজেন্ট হিসাবে প্রশিক্ষণও দিয়েছেন।
গত ৪৬ বছর ধরে পটুয়াখালী-৩ আসনে বিএনপি কখনোই জয়ের মুখ দেখতে পায়নি। বিএনপির সম্ভাব্য প্রার্থী হাসান মামুন এবার এই আসনটি দখলে নিতে বেশ তৎপর। গত বছরের ৫ই আগস্টের পর থেকে সভাসমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন তিনি।
কে হবেন ত্রয়োদশ জাতীয় সংসদে পটুয়াখালী-৩ আসনের জনপ্রতিনিধি? সে বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভোটের ফলাফল।
১৯৯১ সালের ২৭ই ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২ লাখ ৪৪ হাজার ৯ শত ৪৫ জন। ভোট প্রদান করেন ৯৪ হাজার ৯ শত ৮৩ জন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন । নৌকা প্রতীকে তিনি পান ৫১ হাজার ৭শত ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল বাতেন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৯ হাজার ২শত ৪৩ ভোট।
১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগসহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির শাহজাহান খানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫৬ হাজার ৭৯ জন। ভোট প্রদান করেন ৯৬ হাজার ১ শত ১৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫০ হাজার ৬ শত ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৩১ হাজার ২ শত ৮১ ভোট।
২০০১ সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২ লাখ ৪৩ হাজার ৩শত ৫১ জন। ভোট প্রদান করেন ১ লাখ ৪৯ হাজার ৪ শত ৪৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭৫ হাজার ১ শত ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাহান খান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬২ হাজার ৩ শত ১০ ভোট।
২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২ লাখ ৩০ হাজার ৭ শত ৭৯ জন। ভোট প্রদান করেন ১ লাখ ৯৭ হাজার ২ শত ৮৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মওলা রনী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১ লাখ ২০ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬১ হাজার ৪ শত ২৩ ভোট।
২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে বেশিভাগ ভোটার কেন্দ্রে যায়নি। নির্বাচনে আওয়ামী লীগের আ.খ.ম জাহাঙ্গীর হোসেন বিজয়ী ঘোষণা করা হয়।
২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রার্থী ছিলেন ৪ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের এস এম শাহজাদা, আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি বিএনপিতে যোগ দেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সাইফুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের কামাল খান প্রতিদ্বন্দ্বীতা করেন।
কিন্তু নির্বাচনের আগের রাতে প্রশাসনের যোগসাজসে আওয়ামী লীগের লোকজন নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বক্স ভর্তি করে রাখেন। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখান করে। রাতের ভোট খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের এস এম শাহজাদা বিজয়ী ঘোষণা করা হয়।
২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াতসহ তাদের সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেয়। ফলে ভোটারদের বড় অংশ ভোট দিতে কেন্দ্রে যায়নি। আমি ডামি খ্যাত্ এই নির্বাচনে এস এম শাহজাদাকে বিজয়ী ঘোষণা করা হয়। সাবেক সিইসি বর্তমানে কারাগারে আটক কে এম নূরুল হুদা তার মামা।
পর্যবেক্ষণে দেখা যায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম, সপ্তম,অষ্টম,নবম জাতীয় সংসদ নির্বাচনে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টুয়েন্টি ফোর এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারি বেশীরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরেপক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টুয়েন্টি ফোর পটুয়াখালী-৩ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই ৪টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদন্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে।
অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৪১.৭১% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৫.৪২ %, বিএনপি ৭.৯৬%, জাতীয় পার্টি ১.৯৭% , জামায়াত ইসলামী ২.০৩% স্বতন্ত্র ও অন্যান্য ৪২.৬২% ভোট পায়।
১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৯.৪৪%। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৬.৪৪%, বিএনপি ৪৬.৪২%, জাতীয় পাটি ০.৪০% জামায়াত ইসলামী ১.৭০ %, স্বতন্ত্র ও অন্যান্য ৫.০৪% ভোট পায়।
২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৫.০৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৭.২৬%, ৪ দলীয় জোট ৩৫.৭৯%, জাতীয় পার্টি ১৬.৭৫%, স্বতন্ত্র ও অন্যান্য ০.২% ভোট পায়।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৫.৪৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৬০.৮৩%, ৪দলীয় জোট ৩১.১৩%, স্বতন্ত্র ও অন্যান্য ৮.০৪% ভোট পায়।
তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ সালের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের দখলে রয়েছে এই।
কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাবেক সংসদ সদস্যসহ শীর্ষ নেতারা পলাতক। কর্মীরা নিরব। তাছাড়া আওয়ামী লীগ ছাড়াই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। দলটির নিবন্ধন ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই অবস্থা, জামায়াত ইসলামী ও বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাসান মামুনের মধ্যে ত্রিমূখী লড়াই হবে। যদিও জামায়াত ইসলামী, বিএনপি, গণ অধিকার পরিষদের সাংগঠনিক অবস্থা তেমন ভালো নয়।
এই অবস্থায় আওয়ামী লীগের সমর্থনে ক্লিন ইমেজের কোন উপজেলা চেয়ারম্যান কিংবা অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ফলাফল অন্যরকম হতে পারে এমনটাই মনে করেন এলাকার ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা্
সৈয়দ সাকিব
![]()

