বিএনএ,ডেস্ক : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরে হোটেলে অগ্নিকাণ্ডে তারাপীঠ মন্দিরে আসা ছয় পুণ্যার্থী নিহত হয়েছে। সোমবার ভোরে পাঁচতলা ভবনের এ হোটেলে আগুন লাগে।অগ্নিকাণ্ডে বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত হোটেল ‘বিদেশিনী’ হোটেলের নীচের অংশে আগুনের সুত্রপাত হয়।
হোটেল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন অংশে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ রুমের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। ফলে আচমকা ধোঁয়া ও আগুনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।আগুনের তীব্রতায় নীচতলার একাংশ দ্রুত পুড়ে যায়। ধোঁয়া উঠে যায় উপরতলার ঘরগুলিতেও। অনেক আবাসিক ঘর থেকে বের হতে গিয়ে বিপদে পড়েন। নীচে আগুন থাকায় উপরতলায় আটকে পড়েন বেশ কয়েক জন। পরিস্থিতি সামাল দিতে কেউ কেউ উপর থেকে জিনিসপত্র নীচে ফেলতে শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ। পরে দমকলবাহিনীর একাধিক দল আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর হোটেলের ভিতরে তল্লাশি চালিয়ে আটকে থাকা আবাসিকদের উদ্ধার করা হয়। দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেলেও প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তারাপীঠ মন্দিরে। শ্রাবণ মাস উপলক্ষে ওই হোটেলে মালদহ, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীরা ছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
বিএনএ/ওজি
![]()

