28 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে ফাঁকা নগরের সুরক্ষায় সিএমপির ১৯ নির্দেশনা

ঈদে ফাঁকা নগরের সুরক্ষায় সিএমপির ১৯ নির্দেশনা

ঈদ নিরাপত্তা: স্বাভাবিকের চেয়ে দেড়গুণ বেশি পুলিশ নামাচ্ছে সিএমপি

বিএনএ, চট্টগ্রাম : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসী গ্রামের বাড়ির উদ্দেশে ছুটে যাওয়ায় ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম। এ পরিস্থিতিতে চুরি-ডাকাতিসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ১৯ দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাশাপাশি জরুরি সহায়তার জন্য চালু করা হয়েছে বিশেষ হটলাইন নম্বর।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপি জানিয়েছে, ঈদযাত্রার সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাসাবাড়ি ফাঁকা রেখে যাওয়ার আগে বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাসা ত্যাগের আগে দরজায় উন্নত মানের অতিরিক্ত তালা ব্যবহার, মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রাখা এবং প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রেখে যাওয়ার মতো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত।

পুলিশ বলছে, নাগরিকদের সহযোগিতা ও সচেতনতা থাকলে ঈদ ছুটিতে নগরের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।

সিএমপির ১৯ নির্দেশনা:

১. বাসাবাড়ি বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজায় উন্নত মানের অতিরিক্ত তালা ব্যবহার করা।

২. ঘরে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা মূল্যবান সামগ্রী রেখে না যাওয়া।

৩. সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম সচল আছে কি না তা পরীক্ষা করা।

৪. প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা।

৫. নতুন নিরাপত্তাকর্মী নিয়োগ দিলে তাদের এনআইডি ও ছবি সংরক্ষণ করা।

৬. বাসা ত্যাগের আগে সংশ্লিষ্ট বিট অফিসার অথবা থানাকে অবহিত করা।

৭. ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের ডিউটি জোরদার ও তদারকি করা।

৮. প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্ব পালনে রাখা।

৯. আর্থিক প্রতিষ্ঠানের ভল্ট এলাকায় সিসিটিভি কাভারেজ নিশ্চিত করতে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগ দেওয়া।

১০. রাতে বাসা বা প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখা।

১১. গুরুত্বপূর্ণ দলিল বা মূল্যবান সামগ্রী প্রয়োজনে ব্যাংক লকারে রাখা।

১২. ভাড়াটিয়াদের পক্ষ থেকে ঈদের ছুটিতে বাসায় না থাকার বিষয়টি মালিককে আগেই জানানো।

১৩. গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করা।

১৪. জানালার পাশে গাছের ডালপালা থাকলে তা কেটে ফেলা, যাতে অপরাধীরা তা ব্যবহার করতে না পারে।

১৫. কোনো অপ্রীতিকর ঘটনা বা শঙ্কার সৃষ্টি হলে তাৎক্ষণিক পুলিশকে জানানো।

১৬. ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং থেকে বিরত থাকা।

১৭. ভ্রমণকালে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা।

১৮. অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা সম্পর্কে সতর্ক থাকা।

১৯. সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কর্মকা- দেখলে পুলিশকে অবহিত করা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পাশাপাশি সিএমপির হটলাইন নম্বর ০১৩২০-০৫৭৯৯৮ ও ০১৩২০-০৫৭৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ