বিএনএ, ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিন শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারীও রয়েছেন।
লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার আলী আল-তাহের পাহাড় ও দাবশার মধ্যবর্তী এলাকায় বিমান হামলার পর সেখানে আগুনের শিখা ও ধোঁয়া দেখা যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় তাদের তিন সৈন্য গুরুতর আহত হওয়ার পর পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আল-আনসার এলাকায় তিন শিশুসহ সাতজন এবং দেইর এজ-জাহরানি এলাকায় আরও চারজন নিহত হয়েছেন।
এ হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এ হামলা লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তারও কঠোর সমালোচনা করেন তিনি।
এ দিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সম্ভাব্য আলোচনার আগেই ইসরায়েল এই হামলার মাধ্যমে আগ্রাসী মনোভাবের বার্তা দিচ্ছে।
সীমান্ত এলাকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। নতুন করে এই হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিএনএ/ ওজি
![]()

