21 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শীর্ষ রাজনৈতিক দলের সঙ্গে মার্কিন কংগ্রেসম্যানের বৈঠক

শীর্ষ রাজনৈতিক দলের সঙ্গে মার্কিন কংগ্রেসম্যানের বৈঠক

কংগ্রেসম্যান

বিএনএ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান।

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, নাহিম রাজ্জাক ও তামান্না নুসরাত। তিনজনই সংসদ সদস্য। অন্যদিকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। জাতীয় পার্টির প্রতিনিধিদলে ছিলেন তিন সংসদ সদস্য- শেরিফা কাদের, রানা মোহাম্মদ সোহেল ও নাজমা আকতার।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইস ছাড়াও বৈঠকে রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে শহীদ উদ্দীন চৌধুরী বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না উল্লেখ করে তাদের দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে দলটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলেও ওই বৈঠকে জানান তিনি। তার অভিযোগ ছিল, দেশে এক ব্যক্তির শাসন চলছে।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটাই তারা সেখানে বলেছেন। কেন আজকে এক দফা দাবির আন্দোলনে নামতে হয়েছে, এর প্রেক্ষাপট তুলে ধরেন।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান রাখা সম্ভব নয়।

সূত্র জানায়, বৈঠকে কংগ্রেসম্যান এড কেইস আওয়ামী লীগের প্রতিনিধিদলকে বলেন, শুধু তোমাদের দেশে নয়, সারা পৃথিবীর কাছে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। জবাবে আওয়ামী লীগ নেতারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তাদের আসার জন্য আমন্ত্রণ জানান। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা জানান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব কী কারণে, সেই বিষয়টি তুলে ধরেন দুই কংগ্রেসম্যান। এর মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, একই সঙ্গে বাংলাদেশের জনসংখ্যা। সারা পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা কমে যাচ্ছে, সে ক্ষেত্রে বাংলাদেশে যেন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে, সেটা চায় আমেরিকা।

আইনের মাধ্যমে সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে বলে মার্কিন প্রতিনিধিদলকে জানান আওয়ামী লীগের এক সদস্য। তিনি আরও বলেন, সামনের অধিবেশনে আরেকটি আইন আসবে। সেখানে নির্বাচনের সময়ে বিশৃঙ্খলা করা বা বাধা দেয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হবে।

জাতীয় পার্টির শেরিফা কাদের বলেন, তারা সব সময় যা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দরকার এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়, সেটাই তারা বলেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু