বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল নয়টার দিকে তিনি ক্যাম্পাসে যান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান ফটকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন উপাচার্য। পরে ছাত্রদল নেতাদের সহযোগিতায় উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে যান।
জানা গেছে, শাখা ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন সহ ছাত্রদল নেতারা এ সময় নতুন উপাচার্যকে বরণ করে নেন।
উল্লেখ্য, নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তাকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়।
বিএনএ/শাম্মী
![]()

