27 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত


বিএনএ, ঢাকা : জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকাল চারটার দিকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তার স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।

এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এই হত্যাচেষ্টা মামলাটি করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং রোববার তিনি জামিন পান।

জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে তাকে আসামি করা হয়েছিল।

এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের