30.9 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - জুলাই ১১, ২০২৬
Bnanews24.com
Home » শোকাবহ মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর আজ

শোকাবহ মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর আজ


বিএনএ, ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪২ স্কুলছাত্রসহ ৪৫ জনের প্রাণহানির ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১১ সালের ১১ জুলাই বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ খাদে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দেড় দশক পার হলেও এখনও শোকে কাতর স্বজন হারানো পরিবারগুলো।

দুর্ঘটনায় নিহত ৪৫ জনের মধ্যে ৩৪ জনই ছিল আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার ২ জন, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের ২ জন, একজন অভিভাবক এবং দুই জন ফুটবলপ্রেমী যুবক প্রাণ হারান। সেদিনের সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে আজও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শী ও স্বজনরা।

সেদিনের দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা তৎকালীন নবম শ্রেণির ছাত্র সোহরাব হোসেন জানান তার ভয়াল অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘জয়ের আনন্দে আমরা এতটাই উদ্বেলিত ছিলাম যে, কখন ট্রাক উল্টে পানিতে পড়েছি তা টেরই পাইনি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল। বাঁচার জন্য সবাই মরিয়া হয়ে হাত-পা ছুঁড়ছিল। কোনোমতে আমি বের হয়ে আসতে পারলেও অন্যরা পারেনি।’

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিহতদের স্মরণে ‘আবেগ’ নামের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটির নির্মাতা নিজাম মেস্ত্রি নিজেও ওই দুর্ঘটনায় তার সন্তানকে হারিয়েছেন। তার ভাষায়, ছেলে মারা যায়নি, বরং এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে সে মানুষের আবেগ হয়ে বেঁচে থাকবে।

এদিকে, দুর্ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান এইচ এম এরশাদসহ শীর্ষ রাজনীতিকরা মিরসরাইয়ে ছুটে গিয়েছিলেন।

দুর্ঘটনার ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১১ জুলাই) সকালে কোরআন খতম, স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’-এ পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং তবারক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, নিহতদের পরিবার, আহত ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ