20 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ


বিএনএ ডেস্ক: মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যের শেষ পর্যায়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সভায় অংশ নেন ১০১ জন সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বক্তব্যের শেষে তারেক রহমান বলেন, ‘স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি। এটা একান্ত পার্সোনাল ব্যাপার, তারপরেও আমি এখানে একটু উল্লেখ করতে চাচ্ছি। আম্মার (খালেদা জিয়া) সময় উনি ডিজি এসএসএফ ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন?’ তখন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা সৈয়দ ফাতেমী আহমেদ রুমি জবাব দেন, ‘জি আছি।’

তিনি বলেন, ‘রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরান ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও (খালেদা জিয়া) ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে কিছু একটা বলেছিলেন। আই অ্যাম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আই অ্যাম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।’

এ সময় জবাবে মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমি বলেন, ‘আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট।’

মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন ২১ তারিখে। সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন। উনি যে অনুষ্ঠানটিতে গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন। ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে, ম্যাডাম মনে হয় না গেলে ভালো হয়। কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি উনার মনের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে গিয়েছিলেন। উনি যখন অনুষ্ঠানটি থেকে ফিরে আসেন তখন আমার ছোট ভাইয়ের স্ত্রী বলছিল যে, আম্মা অনুষ্ঠানে যাওয়ার পর যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, যে উনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ।

তারেক রহমান বলেন, এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বুঝতে কারো বাকি থাকে না যে, আপনারা সার্ভিসে অথবা যে অবস্থায় থাকুন, আপনাদের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্কটা কি। আমি পুরো বিষয়টা এই ছোট্ট ঘটনা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি বিশ্বাস করি এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, উনার মনটা কোন জায়গায় আছে। উনি কিভাবে দেখেন পুরা ডিফেন্সকে। বাংলাদেশের আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, পুরো ডিফেন্সটাকে উনি কিভাবে দেখেন তা এই ঘটনার মাধ্যমে প্রকাশ পায়।

তিনি আরও বলেন, দয়া করে আপনারা ভুল বুঝবেন না। বিগত স্বৈরাচারের সময় বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া সম্পর্কে একটা নেতিবাচক পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একটা দূরত্ব তৈরি করার জন্য। আমাদের ধারণা এটি সম্পূর্ণভাবে তাদের তৈরি ছিল। আমার মনে হয় এই বিষয়টি বোধহয় আজকে ক্লিয়ার হয়ে গেছে। আমি আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি, আমার মনে হয় এটার মাধ্যমে পুরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে।

এই সভায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, কর্নেল (অব.) হারুনুর রশিদ, কর্নেল (অব.) জগলুল, কর্নেল (অব.) হান্নান মৃধা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জোহা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীন, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট (অব.) ইমরান কাজল ও ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ