বিএনএ, রাজশাহী: রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছে আরও দুই জন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রচুর পরিমানে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে মারা যায় দুইজন। এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক ঘটনা নিশ্চিত করেন।
বিএনএ/ওজি
![]()

