বিএনএ বিশ্বডেস্ক : উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৪ জন। সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
দ্য টাইমস অব ইসরাইলের এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুই সেনার নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে।
নিহত দুই সেনা হলেন স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা।তারা দুজনেই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সেনারা পায়ে হেঁটে অভিযানে ছিলেন, কোনো গাড়িতে ছিলেন না।
হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বিএনএ/ ওজি
![]()

