26 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » জ্বালানি সংকটে স্বস্তি – প্রায় ৪ লাখ টন জ্বালানি পণ্য দেশে আসছে

জ্বালানি সংকটে স্বস্তি – প্রায় ৪ লাখ টন জ্বালানি পণ্য দেশে আসছে


বিএনএ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র- ইসরায়েলের যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। এরই মধ্যে কয়েকটি জাহাজ বন্দরে পৌঁছেছে, আবার কয়েকটি এখনো পথে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি জটিল হওয়ার আগেই পারস্য উপসাগরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ বাংলাদেশমুখী হয়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, মোট ১০টি জাহাজে করে প্রায় পৌনে চার লাখ টন জ্বালানি পণ্য দেশে আসছে। এসব জাহাজের মধ্যে চারটিতে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বাকি চারটিতে রয়েছে ডিজেল ও অন্যান্য জ্বালানি পণ্য।

বাংলাদেশের জ্বালানি আমদানির বড় অংশই আসে মধ্যপ্রাচ্যের সাত দেশ—ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে। এসব পণ্য পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে পৌঁছায়।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০২৪–২৫ অর্থবছরে হরমুজ প্রণালি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের এসব দেশ থেকে বাংলাদেশ প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যার বড় অংশই জ্বালানি। তবে প্রণালি ঘিরে পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে নতুন জাহাজ আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ