বিএনএ ডেস্ক: একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না, এ সংক্রান্ত নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
ফলে সরকারের নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা বহাল রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ বুধবার (৭ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, কারা একই পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং কারা সারের ডিলার বা খুচরা বিক্রেতা হওয়ার জন্য উপযুক্ত হবেন না এটাই হলো নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ।
তিনি আরও বলেন, ২০০৯ সালের নীতিমালার আওতায় একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ নেওয়ার যে সুযোগ ছিল, নতুন নীতিমালার মাধ্যমে বর্তমান সরকার সেটিকে যুগোপযোগী করে স্বচ্ছতা আনার চেষ্টা করেছে ।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস জানান, ৬ অক্টোবর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে ২০২৬ সালের ২৭ আগস্ট প্রণীত নতুন নীতিমালার ওই অংশ চ্যালেঞ্জ করে দুটি রিট পিটিশন দায়ের করেন একই পরিবারের পাঁচ সদস্য। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে বিদ্যমান ডিলারশিপ থেকে তাদের বাদ না দেওয়ার নির্দেশনা দেন এবং নীতিমালার ওই অংশের ওপর স্থিতাবস্থা জারি করেন।
অপরদিকে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। বুধবার (৭ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আবেদনটির শুনানি করেন। শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।
বিএনএ/শাম্মী
![]()

