বিএনএ, বিশ্বডেস্ক : ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) শেষ হচ্ছে।
এই সময়সীমা পার হওয়ার আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এবং আজ মঙ্গলবার রাতই সেই রাত হতে পারে।
অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি বা সময়সীমা মানবে না; বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়।
সংকট নিরসনে এবং বিশ্ব অর্থনীতিতে তেলের দামের উর্ধ্বগতি ঠেকাতে পাকিস্তান একটি দুই ধাপের শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে, যা ‘ইসলামাবাদ চুক্তি’ নামে পরিচিত।
রয়টার্সের তথ্যমতে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
প্রথম ধাপ: অবিলম্বে যুদ্ধবিরতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া।
দ্বিতীয় ধাপ: ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি চূড়ান্ত স্থায়ী চুক্তি স্বাক্ষর।
তবে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ’ বললেও ‘যথেষ্ট ভালো নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন।
ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা যুদ্ধের অংশ হিসেবে হরমুজ প্রণালি খুলবে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই জলপথ স্থায়ীভাবে বন্ধ থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি জানান, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তিক্ত অভিজ্ঞতা থেকে তারা কেবল অস্থায়ী বিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি চান।
বিএনএ/ওজি
![]()

