30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ঐতিহাসিক বদর দিবস আজ

ঐতিহাসিক বদর দিবস আজ


বিএনএ, ঢাকা: আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। প্রায় দেড় হাজার বছর আগে হিজরি দ্বিতীয় সনের এই দিনে মদিনা থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ, যা বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের অধিকাংশ ছিলেন প্রায় নিরস্ত্র এবং যুদ্ধের সরঞ্জামও ছিল অতি সীমিত। মুসলিম বাহিনীর সম্বল ছিল মাত্র দুটি ঘোড়া ও ৭০টি উট; বিপরীতে কুরাইশদের ছিল ১০০ ঘোড়া, ৬০০ লৌহবর্ম ও আধুনিক সব রণসজ্জা।

তৎকালীন কুরাইশ নেতা আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার প্রশিক্ষিত ও সুসজ্জিত সৈন্যের এই বিশাল বাহিনী রণক্ষেত্রে উপস্থিত হয়েছিল।

বদরের প্রান্তরে কুরাইশদের দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আল্লাহ তায়ালা প্রমাণ করেন যে, প্রকৃত শক্তি নিহিত থাকে ইমানের মধ্যে। যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দি হয়। অন্যদিকে, মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র ১৪ জন সাহাবি।

প্রতিবছর ১৭ রমজান বিশ্ব মুসলিম অত্যন্ত শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের সেই ঐতিহাসিক বিজয় এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে। বদর দিবস আমাদের শিক্ষা দেয় যে—সংখ্যা বা জাগতিক শক্তি নয়, বরং সত্যের পথে দৃঢ় অবস্থান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাই প্রকৃত বিজয়ের চাবিকাঠি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ