বিএনএ,ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস গেড়াখোলা এলাকার ব্রিজের পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিন যাত্রী নিহত হন। আহত হন বাসে থাকা আরও অন্তত ৩০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিএনএ/ওজি
![]()

