29.1 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত


বিএনএ, ছাগলনাইয়া: ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ছায়েদুল হক ফনির (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফনির উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘড়িয়া পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।

ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোছাইন নয়ন জানান, আগামীকাল ফনির চাচাতো বোনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটা শেষে বারৈয়ারহাট থেকে টমটমযোগে বাড়ি ফিরছিলেন তিনি।পথে সমিতি বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি স্টারলাইন পরিবহনের বাস পেছন থেকে টমটমটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফনির মৃত্যু হয়। এ সময় তার চাচা আলম ও টমটমচালক গুরুতর আহত হন।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই নোমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন

Loading


শিরোনাম বিএনএ