বিএনএ, বিশ্বডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩১ জন।
বুধবার (৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল চার ফিলিস্তিনির মরদেহ গ্রহণ করেছে। নিহতদের মধ্যে দুজন আগের হামলায় আহত হয়ে পরে মারা যান। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে একজন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ও আহতদের পরিচয় বা হামলার স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি।
মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনী তা লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন।
এদিকে, গাজার বিভিন্ন এলাকায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন।
অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা অনেক জায়গায় তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি হামলায় গাজার ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

