বিএনএ, ঢাকা : কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে আগুন লেগেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরে যাতায়াতের সুযোগ রয়েছে। এসব পরিত্যক্ত বাসের ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে।
জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকল বাস তিনটিতে নিয়মিত মাদকের আসর বসানো হয়। বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক এবং হেলপাররা এ মাদকের আসরে জড়িত। রোববার দুপুরে আগুন লাগার কিছুক্ষণ আগে একটি বাস থেকে ৫ জন মাদক সেবন করে বের হয়ে আসেন। তারা বের হওয়ার কিছুক্ষণ পরই আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে গ্যাস লাইটার বিস্ফোরণ ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান চলছে। মাদকসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

