বিএনএ, ঢাকা: রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে আল আমিন মসজিদ রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম হৃদয়, যিনি শিপন নামেও পরিচিত। ঘটনার পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
নিহতরা হলেন শিপনের স্ত্রী ফারজানা আক্তার (২১) ও শাশুড়ি ফিরোজা বেগম। ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যকার পারিবারিক কলহ থেকেই এই সহিংস ঘটনার সূত্রপাত। কথা-কাটাকাটির একপর্যায়ে শাশুড়ি মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে শিপন প্রথমে স্ত্রীর ওপর এবং পরে শাশুড়ির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।
নিহত ফারজানার বাবা মো. ফারুক হোসেন জানান, কিছুদিন ধরেই দম্পতির মধ্যে বিরোধ চলছিল। কয়েক দিন আগে স্ত্রী ও শাশুড়ি শরীয়তপুরের গোসাইরহাটে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিপনও যান, তবে বিয়ের দিন সকালে দুজনের মধ্যে বিরোধ বাধে এবং শিপন না খেয়েই ঢাকায় ফিরে আসেন। শনিবার রাতে স্ত্রী-শাশুড়ি গ্রাম থেকে ঢাকায় ফিরলে রোববার সকালে পুরোনো বিরোধের জের ধরে ফের বাগবিতণ্ডা শুরু হয়, যা শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডে রূপ নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।
বিএনএ/ওজি
![]()

