34.2 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - জুলাই ২, ২০২৬
Bnanews24.com
Home » জার্সিবদল:পুলিশের চরম অপেশাদারিত্বে সাধারণ মানুষের ধিক্কার!

জার্সিবদল:পুলিশের চরম অপেশাদারিত্বে সাধারণ মানুষের ধিক্কার!


বিএনএ, ডেস্ক : পুলিশের কাজ কি অপরাধ দমন করা, নাকি অপরাধীর জার্সি এডিট করে ট্রোল করা? প্রযুক্তি যখন মানুষের সুরক্ষায় ব্যবহারের কথা, তখন আমাদের আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা সেটি ব্যবহার করলেন স্রেফ ‘দুষ্টুমির ছলে’! অপরাধীর গায়ের ফুটবল জার্সি বদলে দিয়ে পুরো পুলিশ বাহিনীর পেশাদারিত্বকে যেন এক নিমেষে তামাশায় পরিণত করলেন!

ঘটনাটি বরিশালের কাউনিয়া থানার। গত ২৯ জুন ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। নিয়ম অনুযায়ী অপরাধীর ছবি তুলে পাঠানো হয় বিএমপির মিডিয়া সেলে। কিন্তু সেখানে বসেই ঘটল এমন এক কাণ্ড, যা শুনলে যেকোনো সচেতন নাগরিকের লজ্জিত হওয়া ছাড়া উপায় নেই!

YouTube player

আমরা সবাই জানি, বাংলাদেশে ফুটবল নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে এক চরম উন্মাদনা কাজ করে। এটি মানুষের আবেগ, কোটি কোটি ভক্তের ভালোবাসা। আর এই আবেগকে পুঁজি করে মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ যেন পুলিশের চেয়ে বেশি ফেসবুক ট্রোলার হয়ে উঠলেন! তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে রাসেলের গায়ের আর্জেন্টিনার জার্সি ডিজিটাল পদ্ধতিতে বদলে বানিয়ে দিলেন ব্রাজিলের জার্সি! শুধু তাই নয়, অফিশিয়াল ই-মেইলে ওই মাদক কারবারিকে ‘ব্রাজিল সমর্থক’ হিসেবে উল্লেখ করা হয়।

এই ছবি প্রকাশ হতেই দেশের কোটি কোটি ব্রাজিল সমর্থক ক্ষোভে ফেটে পড়েন। প্রশ্ন উঠেছে—বাংলাদেশের পুলিশ কি এতটাই দেউলিয়া হয়ে গেছে যে, দেশের মানুষের ফুটবল উন্মাদনা আর আবেগ নিয়ে এভাবে নোংরা রসিকতা করতে হবে? সরকারি দপ্তরের অফিশিয়াল নথিতে, একজন দাগী আসামির ছবিতে এআই দিয়ে কারসাজি করা কি কোনো পেশাদার বাহিনীর কাজ হতে পারে? মানুষের মনে এমনিতেই পুলিশের প্রতি এক ধরনের অনাস্থা ও নেতিবাচক মনোভাব রয়েছে। আর এই ধরনের অপেশাদার, সস্তা ও দায়িত্বজ্ঞানহীন আচরণ সেই নেতিবাচক মনোভাবকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে!

ধরা পড়ার পর এসআই তানজিলের অজুহাত শুনলে গা রি রি করে ওঠে! তিনি নাকি স্রেফ ‘দুষ্টুমির ছলে’ এবং জনমনে কৌতূহল বাড়াতে এই কাজ করেছেন! একজন পুলিশ কর্মকর্তা যখন অফিশিয়াল নথিতে জালিয়াতিকে ‘দুষ্টুমি’ বলে চালিয়ে দিতে চান, তখন বুঝতে হবে ডিপার্টমেন্টের ভেতর জবাবদিহিতা কোন স্তরে নেমে গেছে। অবশ্য বিএমপি কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে অভিযুক্ত এসআই তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু স্রেফ ক্লোজ বা শোকজ করলেই কি পুলিশের এই সস্তা মানসিকতা ঢাকা যাবে? যেখানে সাইবার অপরাধ আর প্রযুক্তির অপব্যবহার রোধে পুলিশের কঠোর হওয়ার কথা, সেখানে খোদ পুলিশই যদি সংবেদনশীল বিষয়ে এআই দিয়ে জালিয়াতি করে, তবে সাধারণ মানুষ কার ওপর ভরসা রাখবে? পুলিশের এই চরম অপেশাদার আচরণ পুরো বাহিনীর ভাবমূর্তিকেই জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।

আমরা আগেই জেনেছি, ইয়াবাসহ আটক মাদক কারবারি রাসেলের গায়ের আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে বদলে ব্রাজিলের জার্সি বানিয়েছিলেন বিএমপির মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ। কিন্তু কেন করেছিলেন এই কাজ? স্রেফ কৌতূহল? না! তদন্তে জানা গেছে, এই এসআই তানজিল আহমেদ নিজেও আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক!

আইন প্রয়োগকারী সংস্থায় যোগ দেওয়ার সময়  পবিত্র ধর্ম গ্রন্থ ওপর হাত রেখে  ‘শপথ’ নেওয়া হয়, এসআই তানজিল নিজের সস্তা ফুটবল উন্মাদনার জন্য সেই শপথকে বুড়ো আঙুল দেখিয়েছেন।

ভাবা যায়? একজন মাদক কারবারি আর্জেন্টিনার জার্সি পরে ধরা পড়েছে—তাতে নিজের প্রিয় দলের ‘সম্মান’হানি হচ্ছে দেখে খোদ পুলিশ কর্মকর্তা সরকারি ক্ষমতার অপব্যবহার করলেন! নিজের দলের গায়ে লাগা মাদকের দাগ ধুয়ে মুছে সাফ করতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই দায় চাপিয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘাড়ে! একজন সরকারি কর্মকর্তা যখন পুলিশের পোশাক , রাষ্ট্রের দেওয়া প্রযুক্তি ব্যবহার করে নিজের ফুটবল দলের অন্ধ দালালি করেন, তখন তার চেয়ে বড় লজ্জার আর কী হতে পারে?

বাংলাদেশে ফুটবল নিয়ে কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। সেই আবেগকে খোদ একজন দায়িত্বশীল কর্মকর্তা নিজের ব্যক্তিগত অন্ধত্ব দিয়ে নোংরা ট্রোলে রূপ দিলেন। মানুষের মনে এমনিতেই পুলিশের অপেশাদারিত্ব নিয়ে তীব্র নেতিবাচক মনোভাব ও ক্ষোভ জমা হয়ে আছে।

 সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ