বিএনএ, চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামজুড়ে রাজনৈতিক দ্বন্দ্বে এবার নয়াপল্টনের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে। কেন্দ্র থেকে তাদের দুজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দলীয় শৃঙ্খলা পরীপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
এর আগে, গত বছরের ৬ নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।
চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের কয়েকদিন পর হঠাৎ দেশে ফিরেন গিয়াস কাদের চৌধুরী। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের সঙ্গে গিয়াস কাদেরের অনুসারীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটছে প্রায়ই। বিশেষ করে গোলাম আকবর খোন্দকার অনুসারী দুই ছাত্রদল নেতাকে দিনদুপুরে তুলে নিয়ে হত্যাচেষ্টাসহ নির্যাতনের অভিযোগ রয়েছে গিয়াসের অনুসারীদের বিরুদ্ধে।
বিএনএনিউজ/ নাবিদ
![]()

