ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা
বিএনএ, ঢাকা : এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আলাদা কোনো অর্থ খরচ করতে হতো না। তবে শিগগিরই বদলে যেতে পারে সেই চিত্র। জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য অর্থের বিনিময়ে বিশেষ সুবিধাসমৃদ্ধ সাবস্ক্রিপশন সেবা চালুর পরিকল্পনা করেছে মেটা।
বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন ব্যবসায়িক মডেল গড়ে তুলতেই ‘ইনস্টাগ্রাম প্লাস’, ‘ফেসবুক প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে তিনটি নতুন সেবা চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে কনটেন্ট নির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কিছু সেবার ব্যবহারকারীদের মধ্যে এসব সুবিধার পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
মেটার তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে মাসে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ হবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৯৯ ডলার।
নতুন সাবস্ক্রিপশন সেবাগুলোতে ব্যবহারকারীরা বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।
এর মধ্যে রয়েছে প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে সাজানোর সুযোগ, বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া, স্টোরির বিস্তারিত বিশ্লেষণ এবং বিভিন্ন এক্সক্লুসিভ সুবিধা।
তবে মেটা জানিয়েছে, এসব ‘প্লাস’ সেবা তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সুবিধার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা এবং বিশেষ গ্রাহক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছিল।
মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সাবস্ক্রিপশন প্ল্যানে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে।
পাশাপাশি ‘মেটা ওয়ান’ নামে নতুন একটি ব্র্যান্ডের আওতায় প্রতিষ্ঠানের বিভিন্ন সাবস্ক্রিপশন সেবা একত্র করার পরিকল্পনাও রয়েছে।
চলতি বছরের শুরুতেই সাবস্ক্রিপশনভিত্তিক সেবার ইঙ্গিত দিয়েছিল মেটা প্ল্যাটফর্ম। এরপর সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও বেশি নিয়ন্ত্রণ, ব্যক্তিগতকরণ এবং অতিরিক্ত সুবিধা চান—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই নতুন সেবাগুলো তৈরি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রিপশনভিত্তিক সেবার জনপ্রিয়তা বাড়ছে।
সেই ধারাবাহিকতায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকেও নতুন ব্যবসায়িক মডেলে নিয়ে যেতে চাইছে মেটা। ফলে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

