বিএনএ, বিশ্বডেস্ক : আটলান্টিক মহাসাগরে সৃষ্টি ‘মেলিসা’ ঘূর্ণিঝড়টি ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে এসে ক্যারিবীয় অঞ্চলজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্যমতে, এটি ক্যাটাগরি–৫ মাত্রার একটি শক্তিশালী ঝড়, যা প্রবল জলোচ্ছ্বাস ও বন্যা সৃষ্টি করে বহু এলাকা প্লাবিত করেছে।
এই ঘূর্ণিঝড়ের ফলে শত শত গ্রামীণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জ্যামাইকাতে প্রচুর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে হাইতিতে ।
জ্যামাইকার সরকার জানিয়েছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। ১৭৪ বছরে এত ভয়ঙ্কর ঝড় দেখেনি জামাইকা।
ঝড়ের প্রভাব ইতোমধ্যে প্রতিবেশী কিউবায়ও পড়তে শুরু করেছে। দেশটির উপকূলীয় অঞ্চলগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মেলিসা অতিরিক্ত শক্তি অর্জন করেছে।
সরাসরি আঘাত না হানলেও টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে হাইতিতে ব্যাপক ক্ষতি হয়েছে। রাজধানী থেকে প্রায় ৬৪ কিলোমিরটার পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর পেটিট-গোয়াভেতে একটি নদী উপচে পড়লে সৃষ্ট বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
কিউবা সরকার ৭ লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। অন্যদিকে, বাহামা দ্বীপপুঞ্জের সরকার প্রায় ১ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেয়।
বিএনএ/ ওজি
![]()

