25 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫


বিএনএ, বিশ্বডেস্ক: আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।। পুনের বারামাতিতে তার ব্যক্তিগত বিমানটি অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিমানে থাকা অজিত পাওয়ারসহ মোট পাঁচজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন পাইলট এবং অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মীরা ।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন বর্ষীয়ান রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। ২০২৩ সালে অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দেন, যার ফলে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটি অংশের নেতৃত্বে ছিলেন তিনি নিজে এবং অন্য অংশের নেতৃত্বে ছিলেন তার কাকা শরদ পাওয়ার। পরে তিনি এনডিএ সরকারে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হন।

স্থানীয় পৌরসভা নির্বাচনের আগে চারটি জনসভায় যোগ দেওয়ার জন্য তিনি মুম্বাই থেকে বারামাতি যাচ্ছিলেন। এই আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী অজিত পাওয়ার জি ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন জননেতা, যিনি মহারাষ্ট্রের সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে যে, ভিএসআর নামক একটি কোম্পানির পরিচালিত ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছোট বিমানটি সকাল ৮টায় মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল। যাত্রার প্রায় ৪৫ মিনিট পর বারামাতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনা ভারতের বিমান নিরাপত্তা নিয়ে পুনরায় বড় ধরনের প্রশ্ন তুলেছে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ