30 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ড্রোন হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে সৌদির তেল পাইপলাইন

ড্রোন হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে সৌদির তেল পাইপলাইন


বিএনএ, বিশ্বডেস্ক :ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর যোদ্ধারা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছে গেছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যেই ইরাক থেকে আসা ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হুতিরা পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের ওপর গোষ্ঠীটির নিয়ন্ত্রণ আরও জোরালো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুতিদের হাতে শক্তভাবে প্রতিষ্ঠিত হলে হরমুজের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথও ইরান-সমর্থিত গোষ্ঠীর প্রভাবের আওতায় চলে আসতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন তৈরি হয়ে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের দুটি সূত্র জানিয়েছে, তাদের বাহিনী পেরিম দ্বীপ থেকে সরে গেছে। একই সময়ে হুতিরা লোহিত সাগর উপকূলের ধুবাব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করা হয়েছে। শহরটি পেরিম দ্বীপের ঠিক বিপরীতে অবস্থিত।

এদিকে হুতিদের হামলার আশঙ্কা বাড়তে থাকায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে ওয়াশিংটন আপাতত সরাসরি সামরিক পদক্ষেপে যেতে রাজি হয়নি।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল বৈশ্বিক বাজারে পাঠানোর প্রধান বিকল্প পথ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ