27 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » সিজিপিওয়াই কবরস্থান ও মসজিদ রক্ষার দাবিতে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সিজিপিওয়াই কবরস্থান ও মসজিদ রক্ষার দাবিতে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর সিজিপিওয়াই এলাকায় বাংলাদেশ রেলওয়ের একটি পুরনো কবরস্থান, মসজিদ ও শতবর্ষী মাজার সংরক্ষণের দাবিতে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেল কর্তৃপক্ষ বেসরকারি কোম্পানি সাইফ লজিস্টিকস এলায়েন্সকে ২১.২৯ একর জমি লিজ দেয়ার পর থেকেই কবরস্থান ও মসজিদ রক্ষার দাবিতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জমিতে কবরস্থানের আয়তন প্রায় ০.৬২৫০ একর, মসজিদ ০.৩৪২৫ একর এবং প্রায় ৩২ বছরের পুরনো কবরস্থানে ৪৫০টির বেশি কবর রয়েছে। এছাড়া জমিতে তিনটি বড় জলাশয়ও আছে।

২০২২ সালের ১৪ জানুয়ারি সিসিবিএল জমি হস্তান্তর করে সাইফ লজিস্টিকসের কাছে। তবে ২০২৩ সালের জুলাইয়ে তাদের অব ডক লাইসেন্স বাতিল হয়। লিজ চুক্তি সত্ত্বেও রেল কর্তৃপক্ষ কর্মচারীদের আশ্বাস দেয় কবরস্থান ও মসজিদ সংরক্ষণ করা হবে। ২১ আগস্ট ২০২৫ রেল সচিব মৌখিকভাবে এ বিষয়ে আশ্বাস দিলেও লিখিত নির্দেশ না আসায় ক্ষোভ সৃষ্টি হয়।

কনটেইনার টার্মিনাল ইজারা বাতিল, কবরস্থান ও মসজিদ রক্ষার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, প্রয়োজনে সিজিপিওয়াইসহ অন্যান্য রেল অফিসে কর্মবিরতি ও কঠোর কর্মসূচি নেওয়া হবে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বন্দর হাসপাতালের সামনে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-মোঃ আব্দুল মালেক (প্রধান ইয়ার্ড মাস্টার), মোঃ হোসেন সহীদ ও মোঃ জাহাঙ্গীর আলম (সিজিপিওয়াই শাখা, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন), মোঃ আজিম উদ্দিন ও মোঃ মুহিদ উল্লাহ (বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ), মোঃ ছাবের হোসেন ও মোঃ শামসুল আলম (বাংলাদেশ রেলশ্রমিক দল)।

উল্লেখ্য, সিজিপিওয়াই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল আয়ের কেন্দ্র। এখানে ট্রাফিক, টিএক্সআর, যান্ত্রিক, ইঞ্জিনিয়ারিং, নিরাপত্তা, হাসপাতাল, স্কুল ও ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন ট্রেডের প্রায় ১ হাজার পরিবারের বসবাস। কবরস্থানের পাশেই শতবর্ষী হযরত কুতুব বিল্লাহ শাহর মাজার অবস্থিত।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ