31.5 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - জুন ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছায়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ৮ বছর বয়সী ছেলে রাহুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল চন্দ্র ঘোষসহ কয়েকজন অংশীদারের মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। দুপুরে খেলার ছলে খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল মোটরের অরক্ষিত বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সন্তানকে বাঁচাতে গিয়ে মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ