বিএনএ, বিশ্বডেস্ক : দীর্ঘদিনের সংঘাত বন্ধ করার করতে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান।ইরান ও যুক্তরাষ্ট্র উভয়দেশ চুক্তিতে সই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
জি-৭ সম্মেলন শেষে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে আয়োজিত এক নৈশভোজে এই সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
চুক্তি সইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাখোঁ বলেন, ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন। তার মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করবে।
ম্যাখোঁ আরো বলেন, এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য ইতিবাচক। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে শুরু করতে পারে ।
ইরানও চুক্তিতে সই করার বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর চূড়ান্ত খসড়ায় দুই দেশের প্রেসিডেন্ট সই করেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তিটি বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, তা পর্যবেক্ষণ করা। মূল পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই ভার্সাইয়ে নথিতে সই করা হয়ে গেছে।তবে ইরান জানিয়েছে, জেনেভায় নির্ধারিত বৈঠক আগের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সেখানে চূড়ান্ত চুক্তির বিভিন্ন শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। চুক্তির নথিতে সই হওয়ার পর এখন যুক্তরাষ্ট্র ও ইরানের হাতে ৬০ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে তারা চূড়ান্ত চুক্তির শর্তগুলো নিয়ে আলোচনা ও সমঝোতা সম্পন্ন করবে।
বিএনএ/ওজি
![]()

