বিএনএ, ঢাকা: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার চত্বরে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার সংলগ্ন প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের বাউন্ডারির ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। নিহত অন্য পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শক্তিতে একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগমের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা একটি লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
বিএনএ/ ওজি
![]()

