বিএনএ, ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে। সোমবার নির্বাচন কমিশনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। সেখানে সাত ধাপে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাড়ে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সানাউল্লাহ বলেন, সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ই নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ই ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০শে ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ই জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২শে এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭শে মে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

