বিএনএ, ঢাকা: কুমিল্লায় মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেনকে (৪৫) নিজ বাড়িতে স্ত্রী-সন্তানের সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে বাঙ্গরা উপজেলার উত্তর পেন্নাই গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার উত্তর পেন্নাই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
নিহত আনোয়ার ওই উপজেলার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি উত্তর পেন্নাই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে কাজ করেন। অন্যদিকে সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন একই দলের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের পক্ষে কাজ করেন। ওই নির্বাচনে জাহাঙ্গীর আলমের কাছে ইউসুফ আবদুল্লাহ হারুন পরাজিত হন। এ নিয়ে ফিরোজ ও আনোয়ারের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে আনোয়ার এলাকা ছেড়ে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি একাধিকবার এলাকায় ফেরার চেষ্টা করেন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস শাকিল বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা করে আনোয়ারকে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় ছয়টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

