বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের আসামে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে আসামের জোরহাটে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়।
দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে এনডিটিভি। তারা হলেন—স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে আইএএফ জানায়, ‘আজ সকাল ১০টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত উড্ডয়নের সময় আইএএফের একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা ও প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে। এই প্রাণহানিতে বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।’
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি জোরহাট বিমানঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেটিতে আগুন ধরে যায়। আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়।
খবরে বলা হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর তদন্ত প্রতিবেদন ও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
দুর্ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।’
আন্তোনভ এএন-৩২ একটি শক্তিশালী দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমানবাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমান হিসেবে পরিচিত। বর্তমানে দেশটির বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।
এএন-৩২ উচ্চ পার্বত্য বিমানঘাঁটি এবং উষ্ণ জলবায়ুতেও কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এটি সর্বোচ্চ সাড়ে ৭ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। দুর্গম এলাকায় রসদ সরবরাহেও বিমানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

