বিএনএ, ক্রীড়াডেস্ক : স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন এবং জনপ্রিয় মেক্সিকান পপ-রক ব্যান্ড মানার সদস্যরাও।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন কেবল মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। যৌথ আয়োজক কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।
উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব বসবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।
তিন আয়োজক দেশের তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান ও একটি ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ২০২৬ ফিফা বিশ্বকাপ।
বিএনএ/ওজি
![]()

