বিএনএ, ডেস্ক:গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,ভোরের আগে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। তারা আবু বক্কর সিদ্দিক নামের এক বাসিন্দার বাড়ির আশপাশে অবস্থান নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করেন।একপর্যায়ে আশেপাশের লোকজন তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, চাপাতি ও দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
একই সঙ্গে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিএনএ/ ওজি
![]()

