28 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘোষণা এল।

তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন।

ট্রাম্প লিখেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছে বলে তিনি নিজেই উল্লেখ করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।’

এদিকে ইরান বিজয় দাবি করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রকে ১০-দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি অনুসারে, ইরান বলেছে যে তারা একটি বড় বিজয় অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের ১০-দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে।

পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা তুলে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে পরিষদ জানিয়েছে।

পরিষদ অনুসারে, এটি ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ গ্রহণ করতে এবং হরমুজ প্রণালীর ওপর দেশটির অব্যাহত নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতেও সম্মত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগাছি বলেছেন যে, আগামী দুই সপ্তাহ ধরে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো যথাযথভাবে বিবেচনা করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।

ট্রাম্পকে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানানোর জন্য আরাগাচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ