28 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস


বিএনএ, ঢাকা : জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন।

এ সময় আইনমন্ত্রী বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে বলেন, ‘জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ-সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এই প্রেক্ষিতে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন।’

তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠাকল্পে এই সুবিধা বাতিল করার জন্য ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, নাইনটিন সেভেন্টি-থ্রি (পি.ও. নম্বর টোয়েন্টি-এইট অব নাইনটিন সেভেন্টি-থ্রি) এর আর্টিকেল থ্রিসি’ বিলুপ্তির উদ্দেশ্যে এই বিলটি আনা হলো।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি পাসের জন্য ভোটে দেন। পরে উপস্থিত সংসদ সদস্যরা কন্ঠভোটে তা পাস করেন। এর ফলে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না।

এর আগে ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ কমিটির সভায় সংসদ সদস্যদের এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ