25 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ‍উদ্ধার

টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ‍উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গ্রেনেড, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে নৌবাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্যটি জানানো হয়।

নৌবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে অংশ নেয় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং টেকনাফ কন্টিনজেন্ট।

এ সময় লম্বা মিজানের বসতঘরে তল্লাশি করে বিদেশি পিস্তল একটি, দেশি পিস্তল দুটি, একনালা বন্দুক একটি, গ্রেনেড ১০টি, লাইভ এম্যুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন একটি, পিস্তল বল দুই রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড এবং একটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্র, গ্রেনেড ও গুলিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সব ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ