16 C
আবহাওয়া
৮:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত


বিএনএ, চট্টগ্রাম: মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

নিহতদের একজন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার বাসিন্দা মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। আবু সুফিয়ান ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন।

অপরজন একই উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার বাসিন্দা ওসমান গণির ছেলে মো. আকিব (১৬)। আকিব রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিহত দুজন বন্ধু।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আবু সুফিয়ান আরমান ঘটনাস্থলেই মারা যান । গুরুতর আহত অবস্থায় আকিবকে প্রথমে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ