35.5 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন আইভীর

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন আইভীর


বিএনএ ডেস্ক: বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

১২টি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, “সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সবাইকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। আমার মতো আরও অনেক নিরপরাধ মায়েরা আছেন, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।”

আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইভীকে মুক্তি দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার ।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, বুধবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। খবর পেয়ে আমি ও তার পরিবারের লোকজন কারাগারে যাই। রাত ১০টার দিকে তিনি মুক্তি পান।

আইনজীবী আরও বলেন, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার জামিন বহাল রাখার ব্যাপারে হাইকোর্টের আপিল বিভাগ যে অর্ডার দিয়েছে সেগুলো নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আসে। যেদিন এটি নারায়ণগঞ্জ আদালতে আসে একই দিন সেলিনা হায়াৎ আইভীর জামিন চেয়ে ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি আবেদন করি। ম্যাজিস্ট্রেট আদালতের অনুমোদনের পর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে এর মধ্যে ঈদুল আজহার ছুটি শুরু হয়ে যায়। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে জামিনের কাগজ কাশিমপুর পৌঁছায়।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ