29 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা


বিএনএ,বিশ্বডেস্ক :  নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার (২৯ সেপ্টেম্বর) সংস্থাটির মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকারের কথা জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন।

তিনি বলেন, ‘আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

এ সময় প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠী ও তাদের দোসররা চুরি করা অর্থ ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না। কিছু আন্তর্জাতিক মহলও তাদের পৃষ্ঠপোষকতা করছে।’

জবাবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

গুতেরেস গত ১৪ মাস ধরে প্রধান উপদেষ্টার প্রচেষ্টা ও নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের এ কঠিন উত্তরণ প্রক্রিয়ায় তার নেতৃত্বকে তিনি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখছেন।

বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ