বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তিন বোনের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা গেলেও একবোনের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নিখোঁজ পিংকি মনির (১৫) লাশ উদ্ধার করে ডুবুরি দল। ইতোপূর্বে দুবোনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পিংকি মনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৯ম শ্রেণির ছাত্রী। অন্য দুবোনের মধ্যে আসমা ১০ম শ্রেণি ও তাসফিয়া একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার দিদারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন বোন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার আবছার উদ্দিনের মেয়ে আছমা আক্তার (১৬), তাসফিয়া (১২) ও খালাতো বোন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পিংকি মনি মাতামুহুরী ব্রিজের পাশে নদীতে গোসল করতে যায়। ওই সময় তিনজনই গোসল করতে নেমে তলিয়ে যায়। সে সময় নদীর অপরপাশ থেকে লোকজন সাঁতরে এসে দু’বোনকে উদ্ধার করলেও পিংকি পানিতে ডুবে নিখোঁজ হয়ে পড়ে। স্থানীয় লোকজন মাছ ধরার জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল পৌঁনে ৫টার দিকে একই স্থান থেকে পিংকির লাশ উদ্ধার করে।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার দিদারুল হক জানান, দুপুরে গোসলে নেমে তলিয়ে যাওয়া তিন বোনের মধ্যে দু’জনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও পিংকি নিখোঁজ ছিল। পরে সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় ডুবুরি দল চট্টগ্রাম থেকে এসে তার লাশ উদ্ধার করে।
চকরিয়ার বদরখালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, কোনো অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচএম ফরিদুল আলম শাহীন
![]()

